ঘরে বসে ত্রান পেয়ে খুশি ফুলবাড়িয়ার দরিদ্ররা

কালের কন্ঠ অনলাইন | ৩১ মার্চ, ২০২০ ০০:০৯ | পড়া যাবে ১ মিনিটে
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নানা পদক্ষেপে মানুষ কার্যত ঘরবন্দি। মুদি দোকান ছাড়া ফুলবাড়িয়ার বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ। এ পরিস্থিতিতে দরিদ্র ও দিনমুজর মানুষগুলো আছেন দুর্বিসহ কষ্টে। তাদের ঘরে খাবার পৌছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার। যা হাতে পেয়ে গরীব অসহায় মানুষগুলো ভীষণ খুশি।

সোমবার ফুলবাড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল সিদ্দিক সদর ইউনিয়নের জোরবাড়িয়া গ্রামে দরিদ্র কর্মহীন মানুষের বাড়িতে গিয়ে ১০ কেজি চাউল, এক কেজি ডাউল, এক কেজি পেঁয়াজ, এক কেজি সাদা চিনিসহ পণ্যসামগ্রী বিতরণ করেন।
এ গ্রামের ভ্যানচালক আকবর আলী বলেন, ‘ভ্যান চালাই, দিন আনি দিন খাই। তিনদিন ধইরা ভ্যান চালাবার পাইনা, টিউনো (ইউএনও) ছারে বাইত (বাড়ি) আইয়া চাইল, ডাইল দিয়া গেল। এখন কয়দিন বউ বাচ্চাগরে লইয়া খাবার পামু।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল সিদ্দিক জানান, পৌরসভাসহ ১৩ টি ইউনিয়নে দরিদ্র ১৫০০ পরিবারকে দশ কেজি করে চালসহ ত্রান দেয়া হবে ।